এক দিন পর বিবৃতি

ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধে সায় নেই নুরের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৯ এএম

ডাকসুর সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের পক্ষে সিদ্ধান্ত হওয়ার যে ঘোষণা এসেছে, তাতে সায় নেই ভিপি নুরুল হক নুরের। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন ও সদস্য রকিবুল ইসলাম সভায় এই প্রস্তাব তুললে তাতে তার আপত্তি ছিল। গত বৃহস্পতিবার সভা শেষে ডাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বৈঠকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে সিদ্ধান্ত হওয়ার কথা জানান। এর এক দিন পর ভিপি নুরুল হক নুর বিবৃতি দিলেন।

গতকাল বিবৃতিতে নুর জানান, ডাকসুর বৈঠকে তার বক্তব্য ছিল, ‘বাংলাদেশের সংবিধান মোতাবেক প্রচলিত আইন ও নিয়মকানুন মেনে যেসব রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করছে, কিংবা যেসব ধর্মভিত্তিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়ে রাজনীতি করছে ঢাবিতে তাদের ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধকরণে ডাকসু বা ঢাবি কর্র্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই। সুতরাং এ ধরনের কোনো সিদ্ধান্ত আমরা ডাকসু থেকে নিতে পারি না। তাই ধর্মভিত্তিক রাজনীতি নয়, বরং উগ্রপন্থি, সন্ত্রাসী ও মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন যাতে ঢাবিতে কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে, সেজন্য ডাকসু থেকে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।’

নুর আরও জানান, ‘মিটিংয়ের এক পর্যায়ে ছাত্রলীগের ৩৪ নেতার অবৈধভাবে ভর্তি ও জিএসের পদে থাকা নিয়ে আলোচনা তোলা হলে অবৈধভাবে ভর্তি হওয়া ডাকসু নেতাদের ব্যক্তি আক্রমণাত্মক কথাবার্তায় আমি সভা বর্জন করে বের হয়ে আসি। আমার অনুপস্থিতিতে তারা নিজেদের মতো করে সংযোজন-বিয়োজন করে সিদ্ধান্ত গ্রহণ এবং তা ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের স্বাক্ষরসহ প্রকাশ করে, যা সর্বসম্মত সিদ্ধান্ত নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত