নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের দুটি ব্যাটারি উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে হংকং ও ম্যাকাওয়ের তৈরি ক্যাসিনোর (জুয়া) গ্যাম্বলিং এবং মাহাজং মেশিন উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্মণখোলায় অবস্থিত ডংজিং লংজারভিটি ইন্ডাস্ট্রি থেকে একটি এবং মুন্সীগঞ্জের নিউ হোপ অ্যাগ্রোটেক বাংলাদেশ নামের আরেকটি প্রতিষ্ঠান থেকে দুটি মেশিন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সহিদুল ইসলাম।
রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নেয়াজুর রহমান ও শামীমা আক্তারের নেতৃত্বে দুটি গোয়েন্দা দল মুন্সীগঞ্জের নিউ হোপ অ্যাগ্রোটেক বাংলাদেশ লিমিটেড থেকে দুটি এবং নারায়ণগঞ্জের বন্দরের লক্ষ্মণখোলা এলাকায় অবস্থিত ডংজিং লংজারভিটি ইন্ডাস্ট্রিª (ব্যাটারি কারখানা) থেকে ক্যাসিনো খেলার ইলেকট্রিক মাহাজং মেশিন উদ্ধার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠান দুটির আমদানি করা চালানের মাহাজং বি/ই পর্যালোচনা করে দেখা গেছে, তারা অপেক্ষাকৃত কম মূল্যের ঘোষণায় শুল্কায়ন সম্পন্ন করে পণ্য খালাস করেছে। এতে আমদানি শুল্ক ফাঁকি দেওয়ার প্রমাণ মিলেছে। এ বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
