ভারতের জম্মু-কাশ্মীরে আটকদের পাঁচ তারকা হোটেলে রাখা হয়েছে বলে দাবি করলেন বিজেপি’র জাতীয় সাধারণ সচিব রাম মাধব। খবরটি দিয়েছে বাংলা সংবাদমাধ্যম এই সময়।
রাম মাধব আরও জানান, ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার আগে ও পরে সন্দেহভাজন দুই থেকে আড়াই হাজার মানুষকে আটক করা হয়, তাদের মধ্যে এখন মাত্র ২০০ জন আটক রয়েছেন।
সোমবার একটি অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে রাম মাধব বলেন, “এই মুহূর্তে জম্মু-কাশ্মীরে মাত্র ২০০-২৫০ জন ডিটেনশনে রয়েছেন। আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। তবে তাদের কোনোভাবে অসম্মান করা হচ্ছে না। কেউ কেউ পাঁচ তারকা গেস্ট হাউসে রয়েছেন, আবার কেউ পাঁচ তারকা হোটেলে।”
উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বরাবরই দাবি করে আসছে ভারত। কিন্তু সেখানে এখনো ইন্টারনেট বা মোবাইল সেবা চালুর অনুমতি দেওয়া হয়নি।
এই সবের মধ্যেই রবিবার নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, জম্মু-কাশ্মীরের ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন নির্বাচনের জন্য ২৪ অক্টোবর ভোট হবে।
