হংকংয়ের গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীরা এখন গুলিতে আহত সেই কিশোরের স্কুলে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার পুলিশ তার বুকে গুলি চালায়।
এএফপি জানিয়েছে, গুলিতে আহত শিক্ষার্থীর বয়স ১৮ বছর। তার নাম সাং বলে জানা গেছে। এখন অবস্থা ভালো।
চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি অনুষ্ঠান ‘মাটি’ করতে হংকংয়ের আন্দোলনকারীরা গতকাল এক প্রকার বেপরোয়া হয়ে ওঠে। চীনও সেখানে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি সেনা মোতায়েন করে।
১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে চীনকে। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
হংকংয়ের রাজনৈতিক ব্যবস্থা পুরোপুরি গণতান্ত্রিক নয়। বিক্ষোভকারীদের বিরোধিতার পেছনে সেটা একটা কারণ। তারা গণতান্ত্রিক সংস্কারের আহ্বান জানাচ্ছে।
অন্যদিকে চীন হংকংয়ের রাজনীতিতে বেশ কিছু হস্তক্ষেপ করেছে। বিক্ষোভের সেটিও একটি কারণ।
মঙ্গলবার বিক্ষোভের ভেতর লাইভে পুলিশ গুলি চালায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। শিক্ষার্থীরা গুলি চালানোর ছবি সংগ্রহ করে স্কুলে জড়ো হয়েছে। সেখানে চলছে তাদের মিছিল।
