ভারতের বিহারের ১২টি জেলাকে বন্যার কবল থেকে রক্ষায় পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যটির পানিসম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝাঁ।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার মন্ত্রী সঞ্জয় কুমার ঝাঁ বলেন, ‘হয় ফারাক্কা বাঁধ সম্পূর্ণ ভেঙে দিতে হবে, অথবা এর ১১৯টি স্লুইসগেট দিয়ে পানির প্রবাহ বাড়াতে কোনো বিকল্প পদক্ষেপ নিতে হবে। কেন্দ্র সরকারকেই এই সিদ্ধান্ত নিতে হবে। আর বিহারের কোটি কোটি মানুষের স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।’
চলতি বছরের মৌসুমি বৃষ্টিপাতে ব্যাপক বন্যার কবলে পড়েছে ভারতের বিহার রাজ্য। সৃষ্ট বন্যা পরিস্থিতি সামলাতে বিহার সরকারের দাবির পরিপ্রেক্ষিতে খুলে দেওয়া হয় ফারাক্কা বাঁধের সব স্লুইসগেট। ফলে প্রবল বেগে ফারাক্কার পানি বাংলাদেশে প্রবেশ করছে।
মন্ত্রী বিহারের বন্যা পরিস্থিতি সম্পর্কে আরও বলেন, ‘বিকল্প হিসেবে বাঁধ দিয়ে পানির প্রবাহ বাড়াতে কিছু সংস্কার কাজ করতে হবে। নদীর তলদেশে জমা হওয়া পলি অপসারণে বড় আকারে ড্রেজিং কার্যক্রমও আরেকটি বিকল্প হতে পারে।’ প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও কয়েকটি ফোরামে ফারাক্কা বাঁধের ইস্যুটি তুলেছেন।
১৯৭৪ সালে ফারাক্কা বাঁধ নির্মাণের পর গত তিন দশকে নদীর তলদেশে পলি জমে গঙ্গা তীরবর্তী বিহারের ১২টি জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেও জানান সঞ্জয় কুমার ঝাঁ।
তিনি আরও বলেন, ‘পলি জমা হওয়ার কারণে পাটনা থেকে পানি প্রবাহিত হয়ে ফারাক্কার দিকে প্রবাহিত হতে পারছে না। আমরা জানতাম ফারাক্কা বাঁধে ১০৯টি স্লুইসগেট আছে কিন্তু কখন এর গেট সংখ্যা বাড়িয়ে ১১৯টি করা হলো সে বিষয়ে কিছু জানতে পারলাম না।’
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও পাটনার এমপি রবি শংকর প্রসাদ দাবি করেন যে তিনি কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রীকে ১১৯টি গেট দিয়ে পানির প্রবাহ বাড়াতে বলেছেন।
