দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুইশো ছুঁই ছুঁই ইনিংস খেলে অসাধারণ এক রেকর্ডে ভাগ বসিয়েছেন রোহিত শর্মা। প্রথমবারের মতো টেস্টে ওপেনিংয়ে অনেক অর্জনের পাশাপাশি সব ধরনের ক্রিকেটে ওপেনিংয়ে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন তারকা এই ব্যাটসম্যান।
বিশাখাপত্নমে বুধবার টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি হাঁকান রোহিত। দ্বিতীয়দিন আউট হন ১৭৬ রান করে। ২৪৪ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে ২৩টি চার ও ছয়টি ছক্কার মার!
শতক হাঁকানোর মধ্য দিয়ে রোহিত নাম তুলেছেন এক এলিট ক্লাবে। ভাগ বসিয়েছেন ওপেনার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অর্থাৎ তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার রেকর্ডে।
এত দিন এই রেকর্ডের পাতায় ছিল সাতজনের নাম- তামিম ইকবাল, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, তিলকারত্নে দিলশান, আহমেদ শেহজাদ ও শেন ওয়াটসন। এবার সেই দলে নাম তুললেন রোহিত। একই সঙ্গে ভারতীয় দলের প্রথম ও একমাত্র ওপেনার হিসাবে এই রেকর্ড গড়লেন ডানহাতি এই ব্যাটসম্যান।
রোহিত ছাড়াও ভারতের হয়ে সুরেশ রায়না ও লোকেশ রাহুল তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন, তবে দু’জনের কেউই ওপেনার হিসাবে নন। সেই সাথে চার নম্বর ভারতীয় টেস্ট ওপেনার হিসাবে অভিষেকে শতরান করলেন রোহিত। তার আগে শিখর ধাওয়ান, লোকেশ রাহুল ও পৃথ্বী শ এই কৃতিত্ব দেখিয়েছিলেন।
ধাওয়ান ও পৃথ্বী তাদের অভিষেক টেস্ট ইনিংসেই এমন কৃতিত্ব অর্জন করেলেও রোহিতের মতোই লোকেশ রাহুলও মিডল অর্ডার থেকে ওপেনে ফিরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
