ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে চেয়ার-টেবিল না পেয়ে মেঝেতে বসে প্রতিবাদ জানালেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
এ ঘটনায় সংগঠনটি অভিযোগ তুলেছে ছাত্রলীগের বিরুদ্ধে। তারা বলেন, যুগ যুগ ধরে মধুর ক্যানটিনের রাজনৈতিক শিষ্টাচারকে ভেঙে ছাত্রলীগ ছাত্রদলের সব চেয়ার-টেবিল মধ্যরাতে দখলে নিয়ে যায়। এ কারণে মেঝেতে বসে প্রতিবাদ করেছেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মধুর ক্যানটিনে এসে দেখতে পান- তাদের বসার জায়গাতে কোনো চেয়ার-টেবিল নেই। বেলা ১১টার দিকে আসেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। তিনিও এসে একই অবস্থা দেখতে পান। তাই প্রতিবাদ হিসেবে মেঝেতে বসে পড়েন।
ওই সময় মধুর ক্যানটিনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছিলেন বলে গণমাধ্যমকে জানান ছাত্রদলের নেতা-কর্মীরা।
এক ঘণ্টা অবস্থানের পর ছাত্রদলের নেতা-কর্মীরা মধুর ক্যানটিনের বাইরে গিয়ে অবস্থান নেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা–কর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। কলাভবন, ভিসি চত্বর দিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিলটি।
