প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মেয়ের বিরুদ্ধে।
রাজবাড়ী সদর উপজেলার আখমাড়াই গ্রামে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গতকাল অভিযুক্ত মেয়ে মোমেনা খাতুনকে (১৮) গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের উদ্ধৃত করে রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মোমেনার সঙ্গে তার খালাতো ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার পরিবার বিষয়টি মেনে নিতে পারেনি। তারা সম্পর্ক ছিন্ন করতে বলেন। শুক্রবার মোমেনা তার এক বান্ধবীর বাড়িতে গিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় এ নিয়ে মা নাজনীন বেগম (৪২) তাকে বকাঝকা করেন। একপর্যায়ে তিনি তাকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে সদর হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে শনিবার ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় মোমেনার বাবা আব্দুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন ওসি।
