গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বরট্ট গ্রাম থেকে গত শুক্রবার রাতে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার নাম জিয়াউর রহমান (৩৯)। তিনি ওই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, জিয়াউর রহমান দরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে টাকার প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রির জন্য উৎসাহী করতেন। পরে ঢাকায় নিয়ে গিয়ে এই চক্রের হাতে তুলে দেওয়া হয়। অপারেশনের মাধ্যমে সেই ব্যক্তির কিডনি অপসারণ করা হতো। হযরত নামের এক ব্যক্তির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জের রাজাহার ও শাখাহার ইউনিয়নের গরিব মানুষদের অনেক টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রয়ে উৎসাহিত করায় তেলিহার গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে রহিম উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
