ভারতীয় জিম্মি ছেড়ে দিয়ে মুক্তি পেল ৩ শীর্ষ তালেবান নেতা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০৮:২৯ পিএম

জিম্মি ভারতীয় নাগরিকদের মুক্তি দিয়ে কারাগার থেকে ছাড়া পেলেন কয়েকজন শীর্ষ তালেবান নেতা।

উত্তর আফগানিস্তান থেকে এক বছর আগে  সাত ভারতীয় প্রকৌশলীকে অপহরণ করে তালেবান সমর্থিত হাক্কানি গ্রুপ।

বিবিসি জানায়, সোমবার ১১ জন তালেবান কমান্ডারদের মুক্তির বিনিময়ে অপহৃত ভারতীয় নাগরিকদের তিনজনকে ছেড়ে দেয় হাক্কানি যোদ্ধারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার পর এই বন্দী বিনিময়ের ঘটনা ঘটে।

আফগানিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়া তালেবানদের মধ্যে রয়েছেন তিনজন শীর্ষ নেতা। যাদের মধ্যে দুজন হচ্ছেন কুনর প্রদেশের প্রাক্তন তালিবান গভর্নর শেখ আবদুর রহিম ও নিমরোজে শীর্ষ তালেবান কমান্ডার আবদুর রশিদ বালুচ।

আবদুল রশিদ মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত। আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ, হামলায় সহায়তায় এবং মাদক বাণিজ্যের মাধ্যমে তালেবান গোষ্ঠীকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

হাক্কানি নেটওয়ার্কের নেতা শেখ আবদুর রহিমের বিরুদ্ধে অভিযোগ, সাম্প্রতিক বছরে ন্যাটো ও আফগান বাহিনীর ওপর হামলাগুলোর সমন্বয়ক ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত