আখাউড়ায় শ্রমিক লীগ অফিস থেকে ১৬ জুয়ারি গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০২:২৩ পিএম

আখাউড়ায় রেলওয়ে এলাকায় পশ্চিম কলোনির রেলওয়ে শ্রমিক লীগ অফিসে অভিযান চালিয়ে ১৬জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগদ টাকাসহ উদ্ধার করা হয়েছে জুয়া খেলার নানা সরঞ্জামাদি।

আখাউড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টায় আখাউড়া রেলওয়ে থানার নিকটস্থ রেলওয়ে শ্রমিক লীগ অফিসে জুয়া বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় নগদ ২৪ হাজার টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ হাতেনাতে ১৬ জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রেলওয়ের কর্মচারী, শ্রমিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহমান (৪০), রইছ মিয়া (৪০), শেখ কাজল (৩৫), মো: হুমায়ুন কবির (৩২), নিরমল দাস (৩২) শাহ আলম (৫০), কালু মিয়া (৫০), রফিকুল ইসলাম (৫৫), সজিব দাস (৩০), কাউছার মিয়া (৫০), নজরুল ইসলাম (৫৯), জাহাঙ্গীর খলিফা (৫০), খলিলুর রহমান (৫১), আইয়ুব মিয়া (৫৫), হোসেন খলিফা (৫০) ও অরুন চন্দ্র দাস (৪২)।

রেলওয়ে শ্রমিক লীগ ও ‘মিনি ক্যাসিনো’ নামে পরিচিতি পাওয়া লাল হোসেন ক্লাবে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছে স্থানীয়দের অভিযোগ। রেলওয়ে থানার মাত্র ৫০ গজ দূরে অবস্থিত রেলওয়ে ক্লাবে জুয়া খেলার আসর বসলেও রেলওয়ে পুলিশ কখনো তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেনি। আখাউড়া থানা পুলিশ এই জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোয় এলাকার জনমনে স্বস্তি ফিরেছে।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী জানান, আখাউড়া উপজেলায় জুয়া বিরোধী পুলিশের বিশেষ অভিযান চলছে। জুয়া খেলা নির্মূল হওয়ার আগ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত