কাশ্মীরি পত্রিকার প্রথম পাতায় শুধু সরকারি বিজ্ঞাপন

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০১:৩৮ পিএম

কাশ্মীর থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রথম পাতায় গত বৃহস্পতিবার কোনো খবর ছিল না। ছিল জম্মু ও কাশ্মীর সরকারের পাতাজোড়া একটি বিজ্ঞাপন। সেখানে বাসিন্দাদের ‘সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের’ খপ্পরে না পড়ে স্বাভাবিক কাজকর্ম শুরুর আহ্বান জানানো হয়েছে।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ৬৭ দিন পরে সরকারের এমন বিজ্ঞাপন সেখানকার অবস্থা নিয়ে আবার প্রশ্ন তুলে দিল। কারণ সরকার গত কয়েক দিন ধরে দাবি করছিল, অঞ্চলটির অবস্থা এখন স্বাভাবিক। যদি তাই হয়, তবে কেন এই বিজ্ঞাপন?

বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, এখনও বাস চলাচল বন্ধ কাশ্মীরে। ইন্টারনেট নেই। ফোনও অচল। এটিএমে টাকা নেই। অস্ত্র হাতে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। আগস্টের মাঝামাঝি স্কুল খোলার ঘোষণা আসলেও ক্লাস শুরু হয়নি।

সরকারি ওই বিজ্ঞাপনে লেখা, ‘৭০ বছরের বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরের মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। পরিকল্পনামাফিক অপপ্রচারের সাহায্যে তাদের জীবনকে সন্ত্রাস, ধ্বংস ও দারিদ্র্যের নিরবচ্ছিন্ন চক্রাবর্তে আবদ্ধ করে ফেলা হয়েছে। আপনারা কি তা থেকে মুক্তি চান না?’

বিজ্ঞাপনে সরকার বলছে, ‘বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়ে লেখাপড়া করান, আর সাধারণ ছেলে-মেয়েদের হিংসা, পাথর ছোড়া আর হরতালের পথে যেতে উত্তেজিত করেন। ফের সেই পথই নিয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা। আপনারা কি এখনও তা সহ্য করবেন? তাদের খপ্পরে পড়ে ধ্বংসকে বেছে নেবেন, না কি সাধারণ জনজীবনে ফিরবেন?’

এর পরেই কাশ্মীরবাসীর প্রতি আবেদন, ‘স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য, জীবনযাত্রা শুরু করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত