গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১০:১৭ এএম

চুয়াডাঙ্গা শহরতলির তালতলা গ্রামে এক গৃহবধূর শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পার্শ্ববর্তী ইসলামপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক হলেন ইসলামপাড়ার দোলন মিয়ার ছেলে অরূপ হোসেন (২৬) ও ছানোয়ার হোসেনের ছেলে রিপন (২৫)।

পুলিশ জানায়, তালতলা গ্রামে সন্তান ও বাবা-মায়ের সঙ্গে থাকেন মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আফসানা মিমি। প্রায়ই তাকে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিল অরূপ ও রিপন।

শনিবার সন্ধ্যায় আফসানা তার বাড়ির গেটে একা দাঁড়িয়ে ছিলেন। এই সুযোগে তাকে লক্ষ্য করে অভিযুক্ত দুই যুবক জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ছুড়ে মারে। এতে ওই নারীর কাপড় ও বাম হাতের কিছু অংশ পুড়ে যায়। চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় ভুক্তভোগী আফসানা বাদী হয়ে দুজনকে আসামি করে শনিবার রাতে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এর পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত