সুনামগঞ্জে শিশু তুহিন হত্যায় পরিবারের ৩ সদস্য সম্পৃক্ত: পুলিশ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৮:৩১ পিএম

সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়া হত্যায় পরিবারের তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টায় দিরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি জানান, আমরা তুহিনের পরিবারের সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তাদের জিজ্ঞাসাবাদে দুই-তিনজনের সম্পৃক্ততা আমরা পেয়েছি। যে দুই-তিনজন হত্যায় জড়িত তারা পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে।

প্রতিহিংসার বশে, পূর্বশত্রুতার জেরে, প্রতিপক্ষকে ফাঁসাতে বা মামলা সংক্রান্ত বিষয়ে এ হত্যা ঘটতে পারে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে এখন সব বলা যাচ্ছে না। 

তিনি বলেন, নিহতের বাবাসহ পরিবারের সদস্যরা বিভিন্ন মামলার আসামি, এলাকার একাধিক প্রতিপক্ষ রয়েছে তাদের। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে লিপ্ত ছিল।

তবে কারা কারা হত্যায় জড়িত এসব বিষয় এড়িয়ে যান অতিরিক্ত পুলিশ সুপার।

তিনি বলেন, এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সবাইকে আটক দেখানো হচ্ছে না। পুরোপুরি জিজ্ঞাসাবাদ শেষ হলে হত্যা মামলা দায়ের হবে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বিকেলে নিহত তুহিন মিয়ার বাবা আব্দুল বাসির, চাচা আব্দুল মসব্বির, নাসির উদ্দিন, চাচী খায়রুল নেছা, চাচাতো বোন তানিয়া ও প্রতিবেশী আজিজুল ইসলামসহ সাতজনকে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।

পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে শিশু তুহিনকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।

আব্দুল বাসিতের ছেলে তুহিন মিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রবিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আবদুল মুসাব্বিরের পরিবারের লোকজন। রাত ৩টার দিকে তুহিনের চাচাতো বোন সাবিনা বেগম ঘরের দরজা খোলা দেখে চিৎকার শুরু করে।

চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন তুহিন ঘরে নেই। খোঁজাখুঁজি করে বাড়ি থেকে কিছু দূরে মসজিদের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ সময় লাশের পেটে দুটি ছুরি ঢোকানো ছিল।

নিহতের আত্মীয় ইমরান হোসেন জানান, খুনিরা শিশুটির কান ও লিঙ্গ কেটে নিয়েছে। হত্যার পর তাকে গাছে ঝুলিয়ে দেয় এবং পেটে দুটি ছুরি ঢুকিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত