ব্রেক্সিটবিরোধী আন্দোলনের অংশ হিসেবে যুক্তরাজ্যের ইতিহাসে সব থেকে বড় কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ অক্টোবর। কর্মসূচিতে জলবায়ু আন্দোলনের কর্মীদেরও যুক্ত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
কর্মসূচির দিন ‘পিপলস ভোট’-এর (ইংল্যান্ডের একটি প্রচারণামূলক সংগঠন) আহ্বানে দেশটির পার্লামেন্টের বাইরে ১০ লাখের বেশি মানুষ জড়ো হবে বলে আশা করা হচ্ছে। মধ্য লন্ডনে হতে যাওয়া ওই ব্রেক্সিটবিরোধী মিছিল ঘিরে ইংল্যান্ড ও ওয়ালসে সতর্ক রয়েছে পুলিশ।
১৯ অক্টোবর ব্রেক্সিট নিয়ে আলোচনা করতে হাউজ অব কমনসের জরুরি অধিবেশনে বসতে যাচ্ছেন আইনপ্রণেতারা। পিপলস ভোট নামের সংগঠন জানিয়েছে, জলবায়ু আন্দোলনকারীরাও ১৫ দিনের চলমান আন্দোলনের শেষ মুহূর্তে ব্রেক্সিটবিরোধী মিছিলে যুক্ত হবেন।
সংগঠনটি মনে করছে, ব্রেক্সিট প্রশ্নে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ সরকারের অবস্থান ভঙ্গুর। তারা মনে করছে, এ-সংক্রান্ত সংকট নিরসনের সক্ষমতা জনসন কিংবা তার সরকারের নেই। তাদের মতে, ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। সেই বার্তাটি সামনে আনতেই ১৯ তারিখের কর্মসূচি হাতে নিয়েছে তারা।
