মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার ৫ রাজাকারের ফাঁসি

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১২:৩৬ পিএম

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় গাইবান্ধার রঞ্জু মিয়াসহ পাঁচ রাজাকারের ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রঞ্জু মিয়া, আবদুল জব্বার মন্ডল, তার দুই ছেলে জাজিছার রহমান খোকা, আব্দুল ওয়াহেদ মন্ডল ও মন্তাজ আলী বেপারী। আসামিদের মধ্যে রঞ্জু মিয়া কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক। তাদের গ্রেপ্তার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

আসামিরা সবাই গাইবান্ধা সদরের নান্দিনা ও চক গয়েশপুর এলাকার বাসিন্দা।

আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগের সবগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১৭ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ২১ জুলাই মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমাণ রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত