নানা স্বাদের নাশতা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৩:২১ এএম

বিকেলের নাশতার ভিন্ন ধরনের কয়েকটি রেসিপি দিয়েছেন জিন্নাত রায়হান

চিকেন চাট

উপকরণ

মুরগির বুকের মাংস কিউব করে কাটা ৫০০ গ্রাম, মরিচের গুঁড়ো আধা চা চামচ, হলুদের গুঁড়ো সিকি চা চামচ, টকদই আধা কাপ, ধনেগুঁড়া ১ চা চামচ, চাট মসলার গুঁড়ো ১ চা চামচ, চিনি আধা চা চামচ, মিহি আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, লবণ ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সালাদ ও গার্নিশের জন্য শসা, গাজর, লেটুসপাতা কাঁচা, পেঁয়াজ, টমেটো।

যেভাবে তৈরি করবেন

১. মাংস ১ ইঞ্চি আকারে কিউব করে কেটে ধুয়ে টকদই দিয়ে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিন।

২. ননস্টিক ফ্রাইপ্যানে তেল গরম করে আদা কুচি দিয়ে ভাজুন।

৩. বাদামি রং হলে মাংস ও লবণ দিয়ে ৮ মিনিট ভাজুন।

৪. হলুদ, মরিচ ও ধনেপাতা সামান্য পানি দিয়ে পেস্ট করে মাংসে ঢেলে মসলা মিশিয়ে দিন।

৫. মাংস ভালোমতো সেদ্ধ হওয়া পর্যন্ত অনবরত নেড়ে রান্না করুন।

৬. মাংস সেদ্ধ হয়ে ভাজা ভাজা হলে নািময়ে লেবুর রস, ধনেপাতা কুচি ও চাটমসলা দিয়ে পরিবেশন করুন।


ভেজিটেবল কাটলেট

উপকরণ

আলু সেদ্ধ এক কাপের চার ভাগের এক ভাগ, মৌসুমি সবজি কুচি ২ কাপ, কর্নফ্লাওয়ার এক কাপের চার ভাগের এক ভাগ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি আধা চা চামচ, ভাজা জিরাগুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা কুচি আধা চা চামচ, ডিম ২টি, বিস্কুটের গুঁড়ো ২ কাপ, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. আলু সেদ্ধ করে চটকে নিন।

২. সবজি আধা সেদ্ধ করে রাখুন।

৩. কড়াইয়ে সামান্য তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, কাঁচা মরিচ ভেজে বেটে নিন।

৪. বিস্কুটের গুঁড়ো, তেল, ডিম ছাড়া সব ভালোভাবে মেখে রাখুন।

৫. মাখানো মিশ্রণ থেকে কাটলেট আকারে বানিয়ে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে বাদামি করে ভেজে পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে।


চানাচুর

উপকরণ

চানাচুর তৈরি

ধাপ : ১ : বেসন ১ কাপ, ময়দা আধা কাপ, সয়াবিন তেল এক কাপের চার ভাগের তিন ভাগ, হলুদ রং সামান্য, লবণ সিকি চা চামচ, পানি সিকি কাপ।

প্রণালি : বেসন, ময়দা, লবণ ও তেল একসঙ্গে মেখে পানি দিয়ে কাইয়ের চেয়ে একটু নরম গোলা করে নিন। চানাচুরের ডাইসে বেসনের গালা দিয়ে গরম তেলে চেপে ফেলুন। মিডিয়াম আঁচে ভাজুন।

ধাপ-২ : বেসন দেড় কাপ, সয়াবিন তেল এক কাপের চার ভাগের তিন ভাগ, হলুদ রং সামান্য, লবণ সিকি চা চামচ, পানি সিকি কাপ।

প্রণালি : বেসন রং, লবণ-তেল একসঙ্গে মেখে নিন। এবার ওপরের নিয়মে ভেজে নিন।

ধাপ-৩ :

চানাচুরের মসলা : টালা জিরাগুঁড়ো সিকি চা চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচের গুঁড়ো সিকি চা চামচ, হলুদের গুঁড়ো সিকি চা চামচ, দারুচিনির গুঁড়ো সিকি চা চামচ, লবঙ্গের গুঁড়ো সিকি চা চামচ, বিটলবণ আধা চা চামচ, টেস্টিং সল্ট সিকি চা চামচ।

মসলা বানানোর পদ্ধতি : সব উপকরণ মিশিয়ে নিন। ভাজা সব উপকরণ পাত্রে নিয়ে মসলা দিয়ে ভালোভাবে মাখুন প্রয়োজনে মরিচের গুঁড়ো আর বিটলবণ বাড়িয়ে দিন।

ধাপ-৪ :

চানাচুরের ডালভাজা : ডাবলি সিকি কাপ, ছোলার ডাল এক কাপের তিন ভাগের এক ভাগ, মুগডাল এক কাপের চার ভাগের এক ভাগ, বাদাম সিকি কাপ, চিড়া ২ টেবিল চামচ, খোলাসহ মসুর ডাল এক কাপের চার ভাগের এক ভাগ, খাবার সোডা আন্দাজমতো, সাইট্রিক এসিড সিকি চা চামচ।

প্রণালি : ১. ডাল আলাদা ধুয়ে খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখুন।

 ২. পানিতে ডাল সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ের কড়া গরমে ভেজে ভাজুন। 

৩. গরম অবস্থায় সাইট্রিক এসিড মিশিয়ে নিন।


ক্রিসপি চিকেন

উপকরণ

ধাপ- ১  : মুরগি (চামড়াসহ) সোয়া কেজি, সায়া সস ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, স্টেক সস ১ টেবিল চামচ, সিসমি অয়েল ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ ২ চা চামচ, তেল আধা লিটার।

ধাপ- ২  : রাইজিং ফ্লাওয়ার  : ময়দা ২ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, চালের গুঁড়ো আধা কাপ, মরিচের গুঁড়া ২ চা চামচ, লবণ ১ চা চামচ, বেকিং পাউডার দেড় চা চামচ। সব একসঙ্গে মিশিয়ে রাইজিং ফ্লাওয়ার তৈরি করে রাখুন।

যেভাবে তৈরি করবেন

১. মুরগি চামড়াসহ ৮ টুকরো করে কেটে ছুরি দিয়ে আঁচর কেটে ধুয়ে ভালো করে পানি নিংড়ে নিন।

২. ধাপ একের উপকরণের তেল ছাড়া সব মেখে মাংস ম্যারিনেট করে দুই ঘণ্টা রেখে দিন।

৩. বড় পাত্রে রাইজিং ফ্লাওয়ার নিন। এবার ম্যারিনেট করা মাংসগুলো রাইজিং ফ্লাওয়ারে গড়িয়ে ঠাণ্ডা পানিতে চুবিয়ে আবার রাইজিং ফ্লাওয়ারে গড়িয়ে রাখুন। এভাবে কয়েকবার করুন।

৪. কড়াইয়ে তেল গরম হলে রাইজিং ফ্লাওয়ারে গড়ানো মাংসগুলো বাদামি করে ভাজুন। অথবা ইলেকট্রিক ফ্রাইয়ারে ৩৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ডুবো তেলে ফ্রাই করে রাখুন।
 

চিকেন চিজ ফিংগার

উপকরণ

চিকেন কিমা ৫০০ গ্রাম, মোজারিলা চিজ ২০০ গ্রাম, অরিগ্যানো ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি আধা টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ ১ চা চামচ, ডিম ৩টি, ব্রেডক্রাম ২ কাপ, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. ২টি ডিম, তেল আর ব্রেডক্রাম ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে নিন।

২. মাখানো মিশ্রণ দিয়ে ফিংগার আকারে গড়ুন।

৩. এবার ডিম ফেটিয়ে এর মধ্যে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত