জনপ্রিয় নেতা নেই বলে মানুষ নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছে: অভিজিৎ

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৮:২৯ পিএম

ভারতে আরো কোনো জনপ্রিয় নেতা নেই বলে দেশটির জনগণ নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন নোবলেজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 

নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় আসা নিয়ে অভিজিৎ ভারতের গণমাধ্যমকে বলেন, 'আমার মনে হয়, যেকোনো সরকার ১০০টা জিনিস করে, আর মানুষকে তার প্রেক্ষিতে ভোট দিতে হয়। মানুষ নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছেন কারণ আর কোনো জনপ্রিয় নেতা ভোটারদের কাছে ছিলেন না। আর কোনো নেতা ভোটের যোগ্য ছিলেন না মানুষের কাছে।'

রোববার একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, সরকারি নীতির ফলে নির্বাচনী জয় হয়, এমন তত্ত্ব মানতে নারাজ তিনি। 

তবে নরেন্দ্র মোদির জনপ্রিয়তার কৃতিত্ব যে তাকে দিতেই হবে, তাও নিঃসঙ্কোচে বলেছেন নোবেলজয়ী। তিনি জানিয়েছেন, মোদীর জয় মানেই এটা ঠিক নয় যে, তার নেওয়া সমস্ত সিদ্ধান্তই সঠিক।

সর্বশেষ নির্বাচনে কংগ্রেসের প্রস্তাবিত 'ন্যায়' প্রকল্পের অন্যতম রূপকার ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে সে প্রসঙ্গে তিনি বলেন, 'ন্যায় মূলত একটি ভাবধারা। ন্যায়তে শুধুমাত্র স্কিম ডিজাইন আমি করেছি।' 

কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, 'দেশে বিরোধী হিসাবে কংগ্রেস অনেকটাই ক্ষীণ। জোরাল বিরোধী শক্তি এই মুহূর্তে দেশে প্রয়োজন। না হলে গণতন্ত্রের জন্য তা ভালো হবে না।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত