ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে শুধু ১০ মাস নয়, আরও দীর্ঘ সময়ের জন্য সৌরভ গাঙ্গুলিকে চান গৌতম গম্ভীর।
গম্ভীরের মতে, ‘ভারতীয় ক্রিকেটের মাথায় এমন একজন, যে গোটা ইকোসিস্টেম বোঝে। এটা ভেবেই খুশি হচ্ছি।’
দ্য টাইমস অব ইন্ডিয়ায় লেখা প্রতিবেদনে গম্ভীর বলেন, ‘কীভাবে এটা ঘটল, আমি জানি না। জানতেও চাই না। তবে আমার একটাই আশা, দাদা যেন ১০ মাসের বেশি সময় থাকতে পারেন। তা না হলে ঠিক কাজে আসবে না।’
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী, আগামী বছর জুলাইয়ে প্রশাসক পদ থেকে সরে যেতে হবে সৌরভকে।
সিএবিতে সৌরভের কাজের প্রশংসা করে গম্ভীর বলেন, ‘সেখানে গিয়ে দেখুন। দাদা যা কাজ করেছেন, তার প্রমাণ উনি শুধু প্রাক্তন ক্রিকেটার নন; প্রশাসনিক দক্ষতাও আছে। দাদাকে আমি যতটা চিনি, উনি ভালোমতোই উন্নতি করে দেখাবেন।’
গম্ভীর বলেন, ‘বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া না থাকলে দাদার পক্ষে অসুবিধা হত। ড্রেসিং রুমে দাদা যেমন সমর্থন পেয়েছিলেন, তেমনই সমর্থন প্রয়োজন এখন অন্যদের থেকে। জন রাইটের সঙ্গে দাদা শেহবাগ, নেহেরা, যুবরাজ, হরভজন, জহিরের মতো ক্রিকেটার তুলে এনেছিলেন। একইসঙ্গে শচীন, দ্রাবিড়, কুম্বলে, লক্ষ্মণদের মতো ক্রিকেটারদেরও সমর্থন পেয়েছিলেন। এবারও একই সমর্থন প্রয়োজন।’
‘বিশ্বাস করুন, দুনিয়া কিন্তু আরও আগ্রহ নিয়ে এবার ভারতীয় ক্রিকেট দেখবে।’
