আরব আমিরাতের আবুধাবিতে আট হাজার বছরের পুরোনো একটি মুক্তার খোঁজ মিলেছে। এটিকে বিশ্বের প্রাচীনতম মুক্তা বলে দাবি করছেন প্রত্নতত্ত্ববিদরা।
টাইমস অব ইন্ডিয়া জানায়, নিওলিথিক যুগের এই মুক্তাটি প্রাচীন ইরাকের সভ্যতা মেসোপটেমিয়া থেকে আবুধাবিতে অন্যান্য দ্রব্যের বিনিময়ে নিয়ে আসা হয় বলে মনে করছেন ঐতিহাসিকেরা।
আবুধাবি সংস্কৃতি ও পর্যটন দপ্তর জানিয়েছে, মারাওয়া দ্বীপে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় একটি ঘরের মেঝে থেকে মুক্তাটি আবিষ্কার হয়। এর গায়ে যে কার্বনের স্তর পড়েছিল, তা ৫৮০০-৫৬০০ খ্রিস্টপূর্বাব্দের।

সেই নিওলিথিক যুগেও ওই অঞ্চলে বাণিজ্য কতটা সম্প্রসারিত হয়েছিল, এই মুক্তাটিই তার প্রমাণ বলে মনে করা হচ্ছে। আবুধাবির মারাওয়া দ্বীপে খোঁজ মেলা স্থাপত্যটিতে সিরামিকস ও নানা পাথরের তৈরি জিনিসও পাওয়া গিয়েছে।
৩০ অক্টোবর থেকে আবুধাবির মিউজিয়ামে প্রাচীনতম মুক্তাটি প্রদর্শিত হবে। মারাওয়া দ্বীপে ষোলশ শতাব্দী পর্যন্ত প্রাকৃতিক মুক্তা পাওয়া যেত। প্রাচীনকালে সৌদি আরবের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা ছিল মুক্তা বাণিজ্য।
