ধর্ষণের পর গৃহবধূকে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১০:৩৮ পিএম

জয়পুরহাট আক্কেলপুরের দেওড়া গ্রামে পূজামন্ডপ থেকে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের পর হত্যার মামলায় সাত আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের জজ ড. এ.বি.এম মাহমুদুল হক এ রায় দেন।

আসামিরা হলেন আক্কেলপুর উপজেলার মারমা পূর্বপাড়া গ্রামের খয়বর আলীর ছেলে সোহেল তালুকদার (২৭), দেওড়া সোনারপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৫৩) ও ভোলা সোনারের ছেলে মজিবুর রহমান সোনার (৪৪), দেওড়া পূর্ব গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাহিম (২৪), দেওড়া সাখিদার পাড়া গ্রামের মৃত এবাদত আলী সাখিদারের ছেলে ফেরদৌস সাখিদার (৪৪), জগতি গ্রামের আ. রশিদের ছেলে রুহুল আমিন (৩৭) ও দেওড়া গুচ্ছ আশ্রয়ণ কেন্দ্রের মৃত ইছাহাক আলীর ছেলে আজিজার রহমান (৫২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৮ অক্টোবর জেলার আক্কেলপুর উপজেলায় গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর দীর্ঘ শুনানির শেষে আদালত এ রায় দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত