জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতি রোধে দেশের চলমান শুদ্ধি অভিযানের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ সিনেটরদের একটি প্রতিনিধি দল।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের কনভেনশন হলে গার্মেন্টস শিল্পের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় মার্কিন সিনেটরদের এই প্রতিনিধি দলটি তাদের মতামত ব্যক্ত করেন। সংসদ সদস্য শামীম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিকেএমইএ, চেম্বার অব কমার্স, বিএমএ, বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন শ্রেণি পেশা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা ফতুল্লার বিসিক শিল্পনগরীর আধুনিক মানের রপ্তানিমুখী গার্মেন্টস ফকির অ্যাপারেলস পরিদর্শন করেন। এ সময় ফকির অ্যাপারেলসের ডিএমডি নাফিজ জামান ও পরিচালক মোনজারিন জামান সিনেটর প্রতিনিধি দলের সামনে নিট সেক্টরের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে নিট সেক্টরে নারী শ্রমিক ও মিড ম্যানেজমেন্টে নারীর অংশ গ্রহণের ব্যাপারে কিভাবে গুরুত্ব দেয়া হচ্ছে সে ব্যাপারে ব্যাখ্যা করেন। এ সময় সেখানে কর্মরত শ্রমিকদের নানা সুযোগ-সুবিধার কথা জেনে তারা সন্তোষ প্রকাশ করেন এবং দেশের গার্মেন্টস শিল্পের প্রশংসা করেছেন। বাংলাদেশের শিল্প খাতকে আরও এগিয়ে নেয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে আরও ভালো ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে নিজ দেশের শীর্ষ পর্যায়ে সুপারিশ করবেন বলেও তারা আশ্বাস দেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে সিনেটরদের মধ্যে ছিলেন- লুইস আর সেপুল ভেদা, জেমস স্কৌফিস, জন সি লিউ, কেভিন এস পার্কার এবং লেরয় কমরি। এবারই প্রথমবারের মতো তারা বাংলদেশে পরিদর্শনে এসেছেন।
