বেরোবিতে ‘শিক্ষকদের দ্বন্দ্বে’ ৮ মাসেও প্রকাশ হয়নি স্নাতকোত্তরের ফল

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৯:০০ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে প্রায় আট মাস আগে।

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়ম অনুযায়ী (স্নাতক পর্যন্ত) পরীক্ষা শেষ হওয়ার আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তবে স্নাতকোত্তরের ফলাফল প্রকাশ বিষয়ে স্পষ্ট কিছু বলা নেই।

পরীক্ষা শেষ হওয়ার আট মাস পরও ফলাফল প্রকাশ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন লোকপ্রশাসনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুসন্ধান করে দেখা গেছে, শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। চলতি বছরের ২৫ এপ্রিল লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের ও একই বিভাগের প্রভাষক সামান্থা তামরিন একে-অন্যের বিরুদ্ধে হুমকি ও অপমানের লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।

খোঁজ নিয়ে জানা যায়, লোকপ্রশাসন বিভাগের শিক্ষকরা কার্যত দুটি পক্ষে বিভক্ত। একদিকে রয়েছেন বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহেরের নেতৃত্বে বিভাগের অন্য দুই শিক্ষক মাশরেকি মুসতারি ও মুজাহিদুল ইসলাম। অন্য গ্রুপে রয়েছেন, বিভাগের অপর তিন শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী, আসাদুজ্জামান আসাদ ও সামান্তা তামরিন। বিভাগীয় প্রধানকে বিভিন্ন কাজে অন্য তিন শিক্ষকের অসহযোগিতার কারণেই ফল প্রকাশসহ বিভিন্ন সংকটের সৃষ্টি হচ্ছে।

ফলপ্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফল প্রকাশ না হওয়ায় তাদের অনেকে এমফিল কিংবা বিভিন্ন উচ্চতর কোর্সে ভর্তি হতে পারছেন না। চাকরির বিজ্ঞাপনে ন্যূনতম যোগ্যতা হিসাবে স্নাতকোত্তর চাওয়ায় বিভিন্ন বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করতে পারছেন না তারা। প্রতিবাদ করতে গেলে ফলাফল প্রকাশে আরো বিলম্ব হওয়ার আশঙ্কায় কেউ প্রকাশ্যে শিক্ষকদের বিরুদ্ধে মুখ খুলছেন না।

শিক্ষার্থীদের অভিযোগ, একই সেশনের অন্য বিভাগের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে প্রকাশিত চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারলেও ফল প্রকাশ না হওয়ায় তারা আবেদন করতে পারছেন না। বিষয়টি বিভাগের শিক্ষকদের অবগত করা হলেও তারা আমলে নিচ্ছেন না।

জানতে চাইলে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের জানান, শিক্ষক সংকটের কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে।

এ সময় শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত