চবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ডিভাইসসহ আটক ১

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১০:২৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় তৃতীয় দিনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডিভাইসসহ এক ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীর নাম জোবায়ের আহমেদ সিয়াম।

মঙ্গলবার এ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে তাকে আটক করে। সিয়ামের বাড়ি পাবনা জেলায় এবং সে ওখানকার বুলবুল কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।

সূত্র জানায়, সিয়াম ব্যবসায় প্রশাসন অনুষদের ৫৩২ নং রুম পরীক্ষায় অংশ নেন। এ সময় সে মোবাইলের মাধ্যমে প্রশ্ন পত্রের ছবি তুলে তার ঢাকার এক বন্ধুর নিকট পাঠায়। বিষয়টি হলের দায়িত্বে থাকা শিক্ষকের নজরে পড়লে তিনি প্রক্টর অফিসে খবর দেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি জালিয়াতিতে ব্যবহৃত মোবাইলসহ তাকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রিফাত রহমান বলেন, ডিভাইসসহ এক শিক্ষার্থীকে আমরা আটক করেছি। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত