শিক্ষক নিয়োগে ঘুষবাণিজ্য ফাঁসের জের ধরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এম রোস্তম আলীকে বাসভবনে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা জানান, নিয়োগ পরীক্ষায় ঘুষবাণিজ্য তদন্তসহ ১২ দফা দাবি আদায়ে ৫ দিন আন্দোলন করলেও কর্র্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ জন্য গতকাল উপাচার্যসহ প্রশাসনের সব কর্মকর্তার পদত্যাগ দাবিতে বাসভবন ঘেরাও করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষার্থীদের প্রতিনিধি মাহমুদ কামাল তুহিন বলেন, প্রশাসন মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের সঙ্গে একাধিকবার প্রতারণা করেছে। আমরা সবার পদত্যাগ ছাড়া ঘরে ফিরব না। পরে সন্ধ্যায় অবরুদ্ধ অবস্থায় উপাচার্য ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও অনুসারী শিক্ষকদের নিয়ে বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও উপাচার্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
×
