ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করার দায়ে বাংলাদেশের তারকা অল-রাউন্ডার সাকিব আল হাসানের ওপর আইসিসি’র নিষেধাজ্ঞায় তোলপাড় ক্রিকেট বিশ্ব। এর মধ্যেই পাকিস্তান ক্রিকেটে ম্যাচ গড়াপেটার কলঙ্গ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার।
'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' বলেছেন, “পাকিস্তান দলে যখন খেলেছি, তখন দেখেছি চারপাশে সাধারণের আড়ালে সব দুনীর্তিগ্রস্ত ফিক্সাররা ঘুরে বেড়াচ্ছে। আমার সময়ে দলে গড়াপেটার দুনীর্তি সংক্রমণে পরিণত হয়েছিল। প্রায় সব ম্যাচের গড়াপেটা হত!”
“সেকারণেই ১১ নয়, গড়াপেটা থেকে নিজেকে দূরে রাখব বলে আমাকে ২১ জনের বিরুদ্ধে লড়াই করে যেতে হত। প্রতিপক্ষের ১১ জনের সঙ্গে নিজের দলের দশজনের বিরুদ্ধেও লড়তে হত। দলের মধ্যে কে ফিক্সার আপনি বুঝতেই পারবেন না।”
প্রসঙ্গত পাকিস্তান ক্রিকেটে গড়াপেটা কেলেঙ্কারি নতুন নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে গড়াপেটা করে সালে মোহাম্মদ আসিফ, সালমান বাট ও মোহাম্মদ আমির ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন।
এ ব্যাপারে বলতে গিয়ে শোয়েব বলেছেন, “দলে গড়াপেটা এতটাই স্বাভাবিক পর্যায় চলে গিয়েছিল যে, আসিফ তো একবার আমায় বলেই ফেলেছিল কীভাবে ও গড়াপেটা করেছে। এরপরই আমি আমির ও আসিফকে ওদের প্রতিভা সম্পর্কে সচেতন করেছিলাম। গড়াপেটায় কালো জগৎ থেকে নিজেদের দূরে রেখে ক্রিকেটে ফোকাস করতে বলেছিলাম।”
