ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীসহ আট ছাত্র প্রতিনিধির ভর্তি বাতিল ও ডাকসু নির্বাচনের ফলাফল স্থগিত করতে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত খাউয়ুম।
রবিবার ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খাঁনের পক্ষে উপাচার্য আখতারুজ্জামানের কাছে এ আইনি নোটিশ পাঠানো হয়।
অভিযুক্তরা হলেন, ডাকসুর জিএস গোলাম রাব্বানী, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য নজরুল ইসলাম, সদস্য মুহাম্মদ মাহমুদুল হাসান, সদস্য রকিবুল হাসান রাকিব, সদস্য নিপু ইসলাম তন্বী এবং স্যার এ এফ রহমান হলের সহ-সভাপতি (ভিপি) আব্দুল হালিম খান।
নোটিশে বলা হয়েছে, এই আট শিক্ষার্থীর ভর্তি ‘অবৈধ’ এবং তাদের ডাকসু নির্বাচনের ফল স্থগিত করে এই ‘অনৈতিক’ ও ‘অবৈধ’ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত করে বের করতে হবে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে গৃহীত ব্যবস্থার কথা জানাতে হবে। নতুবা উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
