রেসিডেন্সিয়ালের ছাত্র আবরারের মৃত্যুতে মন্ত্রিসভায় আলোচনা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০১:৫২ এএম

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুতে মন্ত্রিসভার কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর বিষয়টি আলোচনা হয়েছে। একজন ছাত্র যে অসহায়ভাবে মৃত্যুবরণ করেছে, বেশ কয়েকজন এ বিষয়টি উপস্থাপন করে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, একটা স্কুলে কিশোরদের নিয়ে যখন এ ধরনের প্রোগ্রাম করা হবে তখন সেখানকার ইলেকট্রিক যে তার টানানো হয়েছে সেগুলোর সেফটি মেজারটা দেখা উচিত ছিল। অনুষ্ঠানের জন্য যে বিদ্যুতের তার টানানো হয়েছিল সে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়েই আবরার মারা গেছে। এখানে আয়োজকদের গাফিলতি ছিল কি না সে বিষয়টি আলোচনায় এসেছে। সবাই এটায় অত্যন্ত হতাশা ব্যক্ত করছেন এ কারণে যে, একটা ছেলে মারা যাওয়ার পরও অনুষ্ঠানটি চালিয়ে যাওয়া হয়েছে!

তথ্যমন্ত্রী বলেন, সেই ছাত্র মারা যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে না জানানোসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এগুলো সেখানে এসেছে এবং আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হবে। কাদের গাফিলতি ছিল, কেন কীভাবে এই ঘটনা ঘটেছে, কেন একজন ছাত্রের মৃত্যুর পরও অনুষ্ঠান চালিয়ে নেওয়া হলো সে বিষয়গুলো নিশ্চয়ই তদন্তে উঠে আসবে।

মন্ত্রী বলেন, অপমৃত্যু হলে পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়, পুলিশের পক্ষ থেকে কতটুকু ভূমিকা নেওয়া হয়েছিল সেগুলো আলোচনা হয়েছে। তবে স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত