বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছে ভারত। দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচটির পর উইকেটরক্ষক রিশভ পন্তকে নিয়ে সমালোচনা হয়েছে খুব। ভারতীয়দের দাবি পন্তকে বাদ দিয়ে ফেরানো হোক অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকে।
এই আলোচনার মধ্যে নতুন খবর, বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যেতে পারে ধোনিকে।
এই সফরে দুটি টেস্ট ম্যাচও খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচটি হবে দিবারাত্রির। ভারত ও বাংলাদেশ দুই দলের জন্যই এটি প্রথম দিবারাত্রির ম্যাচ। সেই ম্যাচ নিয়ে নানা উদ্যোগ নিয়েছে বিসিসিআই।
ধোনিকে ধারাভাষ্যকার করার পরিকল্পনাটা আসলে সম্প্রচার প্রতিষ্ঠান স্টাস স্পোর্টস কর্তৃপক্ষের। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বরাত দিয়ে ভারতীয় দৈনিক আজকাল জানায়, ‘দেশের টেস্ট অধিনায়কদের প্রথম দু’দিন আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচের প্রথম দিন বিরাট কোহলির সঙ্গে মাঠে হাজির থাকবেন সব অধিনায়ক। জাতীয় সংগীত হবে। সম্মানীয় ব্যক্তিরাও থাকবেন। সাবেক টেস্ট অধিনায়কদের ধারাভাষ্য দিতে দেখা যাবে। টেস্টের চতুর্থ দিন ইডেনের জায়ান্ট স্ক্রিনে প্রাক্তন অধিনায়কদের রেকর্ড করা বার্তাও শোনা যাবে।’
আর এটি সত্যি হলে ধোনিকে প্রথমবার দেখা যাবে কমেন্ট্রি বক্সে। এরই মধ্যে ধোনিকে নাকি আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।
বিশ্বকাপের পর নিজ ইচ্ছেয় ছুটিয়ে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ছুটি শেষ হওয়ার পর এখনো ভারতীয় দলে ডাকা হয়নি তাকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে উপেক্ষিত থেকে যান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ফেরানো হয়নি ধোনিকে।
