রাস্তা থেকে আহত বৃদ্ধকে তুলে হাসপাতালে নিয়ে গেলেন গবির শিক্ষকরা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০৪:৩১ পিএম

প্রতিদিনের মতো শিক্ষকদের নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ক্যাম্পাসে যাচ্ছিলেন ড্রাইভার জয়নাল। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেইরি গেট পার হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার সময় এক বৃদ্ধ ব্যক্তিকে রাস্তার পড়ে থাকতে দেখে বাস থামাতে বলেন শিক্ষকরা। কয়েকজন শিক্ষক বাস থেকে নেমে বয়স্ক লোকটিকে উদ্ধার করে নিজেদের বাসে করেই গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বুধবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাবির প্রান্তিক গেটের নিকটে এ ঘটনা ঘটে। এদিকে, এই ঘটনা গণ বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে অনেক শিক্ষার্থী নিজেদের শিক্ষকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

ওই সময়ের বর্ণনা করতে গিয়ে গবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক শেখ শহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ঢাকা থেকে বাসটি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। বাসটি প্রান্তিক গেটের সামনে পৌঁছালে একজন বয়স্ক লোককে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। পরে আমি, পদার্থ ও রসায়ন বিভাগের শামীম, মাহবুবসহ শিক্ষকদের একাংশ গিয়ে বয়স্ক লোকটিকে নিয়ে গাড়িতে তুলি এবং চিকিৎসার জন্য তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই।

উদ্ধারকৃত ওই বয়স্ক লোকটির প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্র থেকে লোকটির প্রাথমিক পরিচয় পাওয়া যায়। লোকটির নাম মুজিবুর রহমান(৬০)। তিনি জাপান টোব্যাকো কোম্পানিতে ভ্যান চালক হিসেবে কাজ করেন এবং সাভারে একটি বাসায় ভাড়া থাকেন।

প্রাথমিক চিকিৎসা শেষে মুজিবুর রহমান জানান, সকালে ভ্যান নিয়ে তিনি বের হন। জাবির প্রান্তিক গেটের কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে গেলে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

গণ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল জানান, উদ্ধারের ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলাম না, তবে আমি ফোনের মাধ্যমে বিষয়টা জানতে পেরেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বয়স্ক লোকটিকে যে সাহায্য করেছে তা অবশ্যই ভালো কাজ । সকালেরই উচিত এমন মহৎ কাজ করা।

এই ঘটনার পরে মুজিবুর রহমানের ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মুজিবুরের পরিবারের সদস্যরা গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত