নরসিংদী আ. লীগ নেতা সুইডেন আতাউরের জামিন নামঞ্জুর

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৮:১০ পিএম

সোনালী ব্যাংকের করা প্রতারণা ও জালিয়াতির মামলায় নরসিংদীর আওয়ামী লীগ নেতা সুইডেন আতাউরের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার শতকাটি টাকার মোল্লা স্পিনিং মিল অবৈধভাবে দখলের মামলায় তার জামিন আবেদন জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তোলা হলে বিচারক মনিষা রায় এ আদেশ দেন। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ নভেম্বরের মধ্যে আরও দুই দিন সুইডেন আতাউরকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় একই আদালত।

সোনালী ব্যাংকের করা মামলায় গত ৩১ অক্টোবর ঢাকার মালিবাগ থেকে সুইডেন আতাউরকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন শুক্রবার বিকালে বিচারিক হাকিম মাইনুউদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। ওই মামলায় তদন্তকারী সিআইডি কর্মকর্তা আতাউরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন আদালতের বিচারক একদিন পর রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় গত রবিবার আতাউরকে বিচারিক হাকিম শারমিন আক্তার পিংকির আদালতে তোলা হলে তাকে প্রতিদিন ৪ ঘণ্টা করে পরপর ৩ দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন বিচারক। কিন্তু সরকারি কাজে সিআইডির তদন্তকারী কর্মকর্তা ব্যস্ত থাকায় তাকে একদিন জিজ্ঞাসাবাদ করা হয়।

এরই মধ্যে বৃহস্পতিবার আতাউরের আইনজীবীরা আদালতে জামিন প্রার্থনা করেন। একই সঙ্গে সিআইডির তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের আবেদন করেন। পরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে বিচারক আতাউরের জামিন নামঞ্জুর করেন।

মোল্লা স্পিনিং মিল দখলের অভিযোগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার সুইডেন আতাউরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক। ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বাদী হয়ে করা ওই মামলায় দখলদার উচ্ছেদের দাবি জানানো হয়। প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও আতাউরের প্রভাবে নানা তদবিরে তা বাধাগ্রস্ত হয়। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। আতাউর নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত