সৌদির পক্ষে গুপ্তচরবৃত্তিতে সাবেক ২ টুইটার কর্মী

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১১:২৫ পিএম

সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে টুইটারের সাবেক দুই কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় এই মামলা করা হয়। ওই একই মামলায় আরেক সৌদি নাগরিককে আসামি করা হয়েছে বলে জানিয়েছে এএফপি। 

আদালতের নথিতে দেখা গেছে, টুইটার গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চেয়েছেন অভিযুক্ত টুইটারের সাবেক দুই কর্মী মার্কিন নাগরিক আহমাদ আবুয়ামো এবং সৌদি নাগরিক আলি আলজাবারা। অভিযুক্ত তৃতীয় ব্যক্তির নাম আহমেদ আলমুতাইরি।

আলমুতাইরি দুই টুইটার কর্মী এবং সৌদি কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ছয় হাজারের বেশি টুইটার গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়েছেন আলজাবরা।

গত বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে ভুয়া নথি এবং মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে মার্কিন নাগরিক আহমাদ আবুয়ামোকে সিয়াটল আদালতে হাজির করা হলে তাকে রিমান্ডে পাঠানো হয়েছে।

খবরে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যমতে আলজাবরা এবং আলমুতাইরি সৌদি আরবে রয়েছেন।

টুইটারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কুচক্রী দল আমাদের সেবায় ব্যাঘাত ঘটাতে চাচ্ছে। আমরা বুঝতে পারছি বিশ্ব নিয়ে টুইটারে মতামত প্রকাশ করেন এমন অনেক ব্যক্তি অসম্ভব ঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের গোপনীয়তা রক্ষা এবং গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে আমাদের অনেক টুল রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত