ঈদে মিলাদুন্নবীর জমায়েতে হযরতবাল মাজারে যেতে বাধা

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১১:৪৬ এএম

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কাশ্মীরের হযরতবাল মাজারে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। এবার স্থানীয় প্রশাসন এই জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে। কাশ্মীরের ইতিহাসে এমনটা প্রথম ঘটলো।

প্রতি বছর কাশ্মীরের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এই মাজারে হাজির হন। তারা ১২ রবিউল আউয়ালে সারা রাত প্রার্থনা করেন। এরপর মহানবীর (সা.) স্মৃতিচিহ্ন দর্শন করেন। ওই সময় আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। কিন্তু এবার তার ব্যতিক্রম হলো।

স্থানীয় অনলাইন কাশ্মীর লাইফ জানায়, মূলত সংবিধানের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারা বাতিল এবং অযোধ্যা মামলার রায়ের প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে।

বার্তা সংস্থা কেএনও’কে নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শনিবার জানান, জেলার অন্যত্র থেকে আসা কাউকে হযরতবাল মাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু স্থানীয়রাই অনুমতি পাচ্ছে।

একে ধর্মীয় ভাবাবেগে আঘাত হিসেবে দেখছেন অনেকে। শ্রীনগর শহরতলির বাসিন্দা আবদুর রশীদ মাকুদুমির মতে, এটি সরাসরি ধর্মীয় হস্তক্ষেপ। কাশ্মীরের মানুষ সারা বছর এই দিনটিতে পবিত্র স্মৃতিচিহ্ন দেখার অপেক্ষায় থাকেন। এবার তারা মাজারে যেতে পারছেন না।

হযরাতবাল মাজারের এক বর্ষীয়ান খাদেম জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন। তারা জানেন না কত মানুষ এবার ইবাদত ও স্মৃতিচিহ্ন দর্শন করতে পারবেন। বিষয়টি সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

নিউজ ক্লিক নামের একটি অনলাইন শনিবার জানায়, পুলিশ শ্রীনগরের ডাল হ্রদের তীরে অবস্থিত সুফি মাজারের চারপাশে অবস্থান করছে। মাজারে সমস্ত বড় প্রবেশ ও বের হওয়ার রাস্তায় তল্লাশি চৌকি স্থাপন করেছে।

এ ছাড়া শ্রীনগরে ১৪৪ ধারা জারি হওয়ায় চারজনের বেশি লোকের জমায়েত হতে পারছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত