নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে রাস মেলা পালন করতে অবৈধভাবে সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে ৪টি ট্রলারসহ ৪৯ জন দর্শনার্থীকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে বনের ধানসিদ্ধির চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক এ সকল ব্যক্তিদের বাড়ি মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
আটককৃতদের রাতে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে নেয়া হয়। তাদের বিরুদ্ধে সিওআর মামলায় জনপ্রতি ১০ হাজার টাকা করে জরিমানা করার কথা জানিয়েছে বন বিভাগ।
চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির জানান, রাস মেলা উপলক্ষে আটককৃতরা গত ৯ অক্টোবর বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে এবং পাস (অনুমতিপত্র) না নিয়েই অবৈধভাবে দুবলার চরে যায়। সেখান থেকে ১১ অক্টোবর বিকেলে ফেরার পথে বনের ধানসিদ্ধির চর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত ৪টি ট্রলার।
বন কর্মকর্তা শাহিন কবির বলেন, যেহেতু তারা পাস না নিয়ে অবৈধভাবে সুন্দরবনে অনুপ্রবেশ করেছে তাই তাদেরকে সিওআর মামলার আওতায় নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হবে।
এর আগে একই অপরাধে গত ৫ অক্টোবর সুন্দরবনের জয়মনি এলাকা থেকে ৩টি ট্রলারসহ ৬০ জনকে আটক করেছিল বন বিভাগ। তাদেরকেও একই আইনে (সিওআর) জনপ্রতি নগদ ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয় বন বিভাগ।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনের দুবলার চরের রাস মেলার এ বছরের আয়োজন বাতিল করা হয়।
