ভারতের কেরালার শবরীমালা মন্দিরে সব বয়সের নারীদের প্রবেশাধিকার দেওয়া হবে কি না, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। বিষয়টির গুরুত্ব উল্লেখ করে এই মামলা সাত সদস্যের আরেকটি বেঞ্চে পাঠানো হয়েছে।
তবে এর আগে সুপ্রিম কোর্ট শবরীমালায় সব বয়সের মহিলাদের ঢোকার পক্ষে যে রায় দিয়েছিল, তাতে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের মধ্যে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি ইন্দু মালহোত্রা শবরীমালা ইস্যু বৃহত্তর বেঞ্চে পাঠানোর পক্ষে রায় দেন।
অন্যদিকে বিচারপতি আর এফ নরিম্যান এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দিয়ে সুপ্রিম কোর্টের আগের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে সওয়াল করেন।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও বিতর্কের প্রয়োজন। সেই কারণে সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চে তা পাঠানো হলো।
দেশটির সংবাদমাধ্যগুলো জানাচ্ছে, শবরীমালার পাশাপাশি মুসলিম ও পার্সি নারীরাও তাদের ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবেন কি না, সেই সিদ্ধান্তও একই সঙ্গে জানাবে সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চ।
