নারী পুলিশের নিষ্ঠা-পেশাদারত্ব প্রশংসিত : আইজিপি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১২:৩৯ এএম

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘সন্ত্রাস দমনে বর্তমান সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সাফল্য দেখিয়েছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘উইমেন্স লিডারশিপ ইনস্টিটিউট ট্রেনিং’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটে নারী পুলিশ সদস্যরা অপরাধ দমন, অপরাধ উদ্ঘাটন ও তদন্তের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন। ট্রাফিক ব্যবস্থাপনায়ও তারা ইতিমধ্যে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি বলেন, শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও নারী পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারত্ব আন্তর্জাতিক পরিম-লে ব্যাপক প্রশংসিত হয়েছে।

পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারসহ পুুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাঁচ দিনব্যাপী এই কোর্সে ইন্দোনেশিয়ার ২ জন, যুক্তরাষ্ট্রের ১ জন, পাকিস্তানের ৬ জন এবং বাংলাদেশের ৩০ জন নারী পুলিশ কর্মকর্তাসহ ৩৯ জন অংশগ্রহণ করেন। পরে আইজিপি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত