দুবাই এয়ার শো-তে যোগ দিতে চার দিনের সফরে আগামীকাল সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর আরব আমিরাত সফর করবেন। এই সফরে দেশটির সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এগুলো হলো দুই দেশের বিনিয়োগ কর্র্তৃপক্ষের মধ্যে সহযোগিতা, দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সহযোগিতা ও আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণ।
সফরকালে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আবুধাবির যুবরাজ ও আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মাদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে বলে জানান আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুবাই সফরে আমিরাত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর ফলে বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র পাবেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে চলতি বছর ১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করেন শেখ হাসিনা। সৌদিতে নারীকর্মী পাঠানো বন্ধের সিদ্ধান্ত হয়নি।
