জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমানকে নিয়ে দেয়াল লিখন করেছেন ছাত্রলীগ নেতা।
ওই নেতার নাম মাহফুজুর রাজ্জাক অনিক। তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
ভর্তি পরীক্ষার আগে উপাচার্যের ছবি ও বক্তব্য দিয়ে দেয়াল লিখন করে এ ছাত্রলীগ নেতা জন্ম দিয়েছেন আলোচনার।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
দেয়াল লিখনের ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, রাজনীতিতে উপাচার্য পদও ফ্যাক্ট। তাই তাকে খুশি করে যদি কিছু করা যায়! যদি নতুন কমিটিতে পদ পাওয়া যায়।
যদিও মাহফুজুর রাজ্জাক অনিক বলেন, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে এক হাজার জন, কিন্তু পরীক্ষা দিতে আসবে ৩৪ হাজার। তারা বিশ্ববিদ্যালয়কে দেখে যাবে, জেনে যাবে। সে জন্য এ দেয়াল লিখন করেছি। পদ পাওয়ার জন্য করিনি। সমালোচনা যত আসুক কাজ করে যাব।
এ বিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ছবি আঁকার বিষয়ে আমরা অবগত ছিলাম না, এখন হয়েছি।যেহেতু উপাচার্য স্যারের ছবি আঁকা হয়েছে, আমরা তার সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
