বেশ ঢাকঢোল পিটিয়েই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ২৫ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক বেসরকারি টেলিভিশন কর্মকর্তা নেহাল সুন্দর তাহেরকে বিয়ে করেন সাবিলা। তার আগে ২৪ অক্টোবর তার হলুদ সন্ধ্যা করা হয়। এরপর নেহালের পারিবারিক আয়োজনে বউভাত অনুষ্ঠিত হয় ২৭ অক্টোবর। তারপর থেকে একই ছাদের নিচে বসবাস করছিলেন এ দম্পতি।
বিয়ের সময়েই ঘোষণা দিয়েছিলেন দেশের বাইরে হানিমুন করবেন তারা। এক মাস পার হতে না হতে এবার ইন্দোনেশিয়ায় উড়াল দিলেন এই নব দম্পতি। জানা গেছে, সেখানকার ‘নোভোটেল বালি নুসা ডুয়া’ রিসোর্টে নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন তারা।
এ ছাড়া সাবিলা নূর তাদের সেই রিসোর্টের একটি ভিডিও আপলোড করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। যেখানে নিজেদের রুম ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি। আর এমন ভিডিও অন্তর্জালে আসতেই রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছে।
ভিডিও শেয়ার দেয়ার পাশাপাশি নিজের কয়েকটি ছবিও আপলোড দিয়েছেন তিনি। শুভ্র পোশাকে বেশ আকর্ষণীয় লাগছিল অভিনেত্রীকে। আর তার এই ছবিও নজর এড়ায়নি ভক্তদের। এতে প্রশংসায় ভাসছেন তিনি।
সাবিলা নূরের বর নেহাল সুনন্দ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। তিন বছর আগে অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে পরিচয় হয় সাবিলা ও নেহালের। শুরুতে বন্ধুত্ব থাকলেও একপর্যায়ে তা প্রণয়ের দিকে গড়ায়। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে প্রস্তাব দেন নেহাল।
২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে আগমন ঘটে সাবিলার। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ‘ইউটার্ন’। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তবে এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি।
