দেশের হৃদরোগ চিকিৎসকদের উচ্চতর গবেষণা ও প্রশিক্ষণে সহযোগিতা করবে চীনের ফুওয়াইন ইউনান হৃদরোগ হাসপাতাল। গতকাল সোমবার এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ফুওয়াইন ইউনান হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ফুওয়াইন ইউনান হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট মালিংখুন ও বিএসএমএমইউর হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী হাসান।
এই সমঝোতার মাধ্যমে হৃদরোগ চিকিৎসার বিষয়ে এ দেশের চিকিৎসকদের চীনে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা হবে। দেশে হৃদরোগ বিষয়ে উচ্চতর গবেষণায়ও সহযোগিতা করবে চীনের ওই প্রতিষ্ঠানটি। এ ছাড়া দেশে হৃদরোগে আক্রান্ত্র হয়ে হৃদপিণ্ড ছিদ্র হওয়া রোগীদের চীনে চিকিৎসাসেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। যার সম্পূর্ণ ব্যয় বহন করবে ফুওয়াইন ইউনান হাসপাতাল কর্তৃপক্ষ।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বিএসএমএমইউর কার্ডিওভাসকুলার বিভাগের চেয়ারম্যান আলী হাসান বলেন, ‘এটা আমাদের দেশের জন্য বড় একটি চুক্তি। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন দ্বার উন্মোচিত হলো। এরই মধ্যে তিনজন চিকিৎসককে প্রশিক্ষণের জন্য পাঠানোর ব্যবস্থা হয়েছে। ফেলোদের স্কলারশিপ দেওয়া হবে। চীনের নতুন নতুন চিকিৎসা প্রযুক্তির সঙ্গে আমরা পরিচিত হব। এ ছাড়া আমরা দরিদ্র রোগীদের তাদের দেশে চিকিৎসার জন্য পাঠাতে পারব। চুক্তিটি বাংলাদেশের চিকিৎসকদের হৃদরোগের চিকিৎসায় গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে ফুওয়াইন ইউনান হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট মালিংখুন বলেন, ‘ফুওয়াইন ইউনান হাসপাতালটি এক হাজার শয্যার। এতে ১২টি ল্যাব রয়েছে। বাংলাদেশের সঙ্গে এই সমঝোতা স্মারক সই করতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। এতে নিজেদের মধ্যে জ্ঞানের আদান-প্রদান হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইন্টারন্যাশনাল কো-অপারেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর ডুও লিন, বিএসএমএমইউর হৃদরোগ বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা জামান, অধ্যাপক সারফুদ্দিন ও খালিকুজ্জামান উপস্থিত ছিলেন।
