গাজীপুর থেকে অপহৃত এক পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষার্থীকে (১১) উদ্ধার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। এ সময় ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
উদ্ধার হওয়া শিশু কিশোরগঞ্জের কটিয়াদী থানার গনেরগাঁওয়ের এক ব্যবসায়ীর ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ীর একটি প্রতিষ্ঠানের পিইসি পরীক্ষার্থী। আটকরা হলো ময়মনসিংহের নান্দাইলের বাদলের ছেলে মো. শান্ত (১৪), ত্রিশালের মো. সাইফুল ইসলামের ছেলে মো. লিটন (২১), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে হৃদয় শেখ (২২) ও লালমনিরহাটের আলতাফ হোসেনের ছেলে মাইক্রোবাসচালক মিজানুর রহমান ম-ল (৩৬)।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, উদ্ধার হওয়া শিশুটির বাবা একজন ব্যবসায়ী। গত রবিবার পিইসি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে শিশুটির বাবার দোকানের কর্মচারী মো. শান্ত সহযোগীদের নিয়ে কৌশলে তাকে অপহরণ করে মাইক্রোবাসে করে কক্সবাজার নিয়ে আসে এবং শিশুটির বাবার কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে শিশুটির বাবা কোনাবাড়ী থানায় অভিযোগ করেন। এর সূত্র ধরে কোনাবাড়ী থানা পুলিশের দেওয়া তথ্যমতে কক্সবাজার পুলিশ ট্যুরিস্ট পুলিশের একটি দল সমুদ্রসৈকত এলাকার লাবণী পয়েন্ট থেকে শিশুটিকে উদ্ধার এবং মাইক্রোবাসসহ চারজনকে আটক করে।
