ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে ইনিংসে হারের পর কলকাতায় ইডেন গার্ডেনসেও একই লজ্জা পেল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো মুমিনুল হকের দল।
ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ইনিংস ও ৪৬ রানের হার মানে বাংলাদেশ। ছয় উইকেটে ১৫২ রান নিয়ে রোববার ব্যাটিংয়ে নেমে আর ৪৩ রান করতেই বাকি চার উইকেট হারিয়ে ফেলে অতিথি দল।
দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মুশফিকুর রহিম। ৩৯ রান করেন আহত হয়ে উইকেট ছাড়া মাহমুদউল্লাহ। ২১ করেন আল-আমিন হোসেন।
৫৩ রানে ৫ উইকেট নেন উমেশ যাদব। চার উইকেট নিয়ে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইশান্ত শর্মা।
ম্যাচটিতে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করেছিল ভারত। ২৪১ রানের লিড পেয়েছিল দলটি।
এর আগে ইন্দোর টেস্টেও মাত্র তৃতীয় দিনে ইনিংস ও ১৩০ রানে হেরেছিল বাংলাদেশ।
থেমে গেলেন লড়াকু মুশফিক
স্রোতের বিপরীতে একাই লড়ছিলেন। কিন্তু সেই মুশফিকুর রহিমকেও থামিয়ে দিয়ে কলকাতা টেস্টে বাংলাদেশকে হারের আরও কাছে নিয়ে গেলেন ভারতের পেসার উমেশ যাদব।
দলীয় ১৮৪ রানে উমেশকে খেলতে গিয়ে কাভার অঞ্চলে রবীন্দ্র জাদেজার ক্যাচে পরিণত হন মুশফিক। এর আগে ৭৪ রানের ইনিংস খেলেন ৫৯ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান। ৯৬ বলে খেলা মুশফিকের ইনিংসটিতে রয়েছে তেরোটি চারের মার। অষ্টম উইকেট হারাল বাংলাদেশ।
নেমেই উইকেট হারাল বাংলাদেশ
ছয় উইকেটে ১৫২ রান নিয়ে ইডেন গার্ডেনস টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই আরও একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। উইকেট ছাড়া হয়েছেন এবাদত হোসেন। তাতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও দলটির ইনিংস হার আরও স্পষ্ট হয়ে উঠেছে।
উমেশ যাদবের বাউন্সারে সামলাতে পারেননি এবাদত। পারলেন না সামলাতে। বল ব্যাটের ওপরের দিকে ক্যাচ ওঠে স্লিপে। তালুবন্দি করতে ভুল হয়নি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির। শূন্য রানে বিদায় ইবাদত। বাংলাদেশের রান ৭ উইকেটে ১৫২।
