রাজশাহীতে পুলিশ পাহারায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৮:৫৮ পিএম

রাজশাহীতে পুলিশের পাহারায় খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার থেকে বিক্রি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে পেঁয়াজ না পৌঁছানোর কারণে রবিবার থেকে পুলিশি পাহারায় বিক্রি শুরু করে টিসিবি।

এদিকে খোলা বাজারে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি শুরুর প্রথম দিন থেকেই লম্বা লাইন ধরে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। তবে আরও বেশি জায়গায় বিক্রি বাড়ানোর কথা বলেছেন ক্রেতারা।

রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্বর এলাকায় টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে টিসিটির খোলা বাজারে পেঁয়াজ বিক্রি চলছে।

এসব জায়গা ঘুরে দেখা গেছে, প্রতিটি স্থানেই লম্বা লাইন ধরে কিনছেন ক্রেতারা। লম্বা লাইন পেরিয়ে পেঁয়াজ কিনতে পেরে খুশি ক্রেতারা।

সকাল ১০ টার সময় থেকে রাজশাহীর বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু হলেও অনেক আগে থেকেই লাইনে দাঁড়ায় ক্রেতারা।

এদিকে খোলা বাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হলেও এক কেজির অনুপাতে ওজন না মেলাতে পারার কারণে এক কেজি ১০০ গ্রাম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ১০০০ জনকে পেঁয়াজ দেওয়ার কথা থাকলেও সেখানে থেকে ১০০ জন বঞ্চিত হয়। একই ভাবে পাঁচটি পয়েন্টে মোট ৫০০ জন পেঁয়াজ পায় নি।

 

রাজশাহীর সাহেব বাজার এলাকায় পেঁয়াজ কিনতে এসেছিলেন ৭৩ বছরের রানী বেগম। তিনি বলেন, সকালে হাঁটতে এসে শুনি যে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হবে। লাইনে দাঁড়িয়ে এক কেজি ১০০ গ্রাম পেঁয়াজ কিনে নিলাম ৫০  টাকায়।

রাজশাহী সাহেব বাজারে টিসিবির ডিলার মেসার্স উপমা এন্টারপ্রাইজের মালিক মোস্তাক আহমেদ বলেন, আমাদের পেঁয়াজের সাইজ বড়। এটির মাপ মেলাতে কষ্ট হচ্ছিল। তাই এক কেজি ১০০ গ্রাম করে বিক্রি করছিলাম। পরে ক্রেতাদের অভিযোগের পর আমরা ১ কেজি করেই বিক্রি শুরু করি।

টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, পেঁয়াজ বড় হবার কারণেই এটি সমস্যা হয়েছে। তিনি বলেন, বাজারে ক্রেতাদের চাহিদা পূরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে পাঁচ টন পেঁয়াজ। প্রতি পয়েন্টে দেওয়া হবে এক টন করে। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে। আপাতত রাজশাহীর পাঁচটি পয়েন্টে বিক্রি করা হচ্ছে। সম্ভব হলে পরে আরও বিক্রি পয়েন্ট বাড়ানো হবে।

এদিকে রাজশাহী জেলা প্রশাসক তার ফেসবুকে লিখেছেন, খোলা বাজারে মহানগর এলাকায় ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু। এই পেঁয়াজ সরকারি ট্রাক ব্যতীত বাজারে কারও কাছে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত