সিপিবির পদযাত্রায় ছাত্রলীগ-যুবলীগের হামলা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) পদযাত্রায় ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাদারগঞ্জের বালিজুড়ি বাজার শহীদ মিনার এলাকায় সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খানের নেতৃত্বে বের হওয়া পদযাত্রায় এ হামলার ঘটনা ঘটে।

জেলা সিপিবির সহসাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ মানিক জানান, বালিজুড়ি বাজার শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা পদযাত্রার ওপর অতর্কিত হামলা করে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে। হামলাকারীরা সিপিবির নেতাকর্মীদের ধাওয়া করে ৮/৯ জনকে মারধর করে বলেও অভিযোগ করেন তিনি।

পরে এ ঘটনার প্রতিবাদে চত্বরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা করে সিপিবি।

মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন জানান, আমি বাইরে আছি, বিস্তারিত জানি না। তবে ওই রকম কোন ঘটনা ঘটেনি। কে বা কারা হামলা চালিয়েছে আমি তাদের পরিচয় জানি না।

মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ছাত্রলীগ-যুবলীগের কোন সদস্য এ ঘটনার সাথে জড়িত নয়। কে বা কারা ব্যানার, ফেস্টুন ছিঁড়েছে তা আমার জানা নেই।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পথসভা চলার সময় হামলা চালিয়ে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার কথা শুনেছি। তবে এ সময় মঞ্জুরুল আহসান খানসহ কারও গায়ে হাত দেওয়ার কোন ঘটনা ঘটেনি। পরে রাতে শহীদ মিনার চত্বরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা করেছে সিপিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত