ঢাকা মহানগর আ.লীগের সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের ঢল

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১০:৩৫ এএম

ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন ঘিরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে দলটির নেতাকর্মীদের।

শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।

সম্মেলনে যোগ দিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনস্থলে রওনা হন।

এসময় স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন নগরীর অলি-গলি। তাদের হাতে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছিল। আর মিছিলের সঙ্গে ছিল সুসজ্জিত বাদক দল।

এদিকে বাস ও পিকআপে চড়ে প্রচুর সংখ্যক নেতাকর্মী সম্মেলনে যোগ দিতে আসায় সাপ্তাহিক ছুটি হওয়া সত্ত্বে সকালেই রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সংযোগ সড়কগুলোতে যানজট ছিল অসহনীয়।

এর আগে ২০১২ সালে মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। চলমান ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানের মধ্যে অনুষ্ঠিত এবারের সম্মেলনে মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিতে নতুন নেতৃত্ব আসতে পারে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত