রোহিঙ্গা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে রবিবার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৭:৩১ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে রবিবার। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত দুই উপজেলার ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮২টি সেন্টারে চলবে এ ‘পুষ্টি কার্যক্রম সপ্তাহ’।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫১ হাজার ১৩৩টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে ৭৬ হাজার ৮১৩টি ছেলেশিশু ও ৭৪ হাজার ৩২০টি মেয়েশিশু রয়েছে। এ কার্যক্রম প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। প্রতিটি সেন্টারে ৮ জন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এ সময় শিশুদের মায়ের কাছে বিভিন্ন পুষ্টিবার্তাও প্রচার করা হবে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল মতিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দৈনিক অন্তত ২৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত