নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, পরিবহন সেক্টরে কিছু মানুষ নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা সুবিধাভোগী। তারা জনগণ কিংবা সাধারণ পরিবহন শ্রমিকের স্বার্থ দেখে না। এই কুচক্রীমহলকে রুখতে হবে। সরকার সড়ক পরিবহনের যে নতুন আইন করেছে তা অত্যন্ত সময়োপযোগী। এই আইন কার্যকরে বাধা প্রদানকারীদের ছাড় দেওয়া যাবে না।
রবিবার নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন নিসচার সিলেট মহানগর সভাপতি ইকবাল হোসেন।
আলোচনা সভার আগে নগরীতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
তিনি বলেন, সড়কে মৃত্যুর মিছিল বন্ধে সরকার বদ্ধপরিকর। এজন্য কঠোর আইন করা হয়েছে। জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার কারও সঙ্গে আপস করবে না।
