রাজশাহীতে শিক্ষামন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খাতা গুরুত্ব দিয়ে দেখতে হবে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:২৩ পিএম

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরীক্ষার খাতা বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘তারা সবই পারে, শুধু বুঝতে হবে মনোযোগ দিয়ে। আমরা যারা শিক্ষক তাদের আগে আলোকিত হতে হবে। অনেক শিক্ষক অটিস্টিকদের স্বাভাবিকভাবে নিতে পারে না। একবার এক অটিজম শিশুকে ফেল করানো হয়েছিল। পরে খাতাটি আবার দেখা হলো। দেখা গেল, সে সব লিখেছে। এসব শিশুর খাতা বিশেষ গুরুত্ব দিয়েই দেখতে হবে।’

গতকাল রবিবার সকালে রাজশাহীতে ‘অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় একীভূতকরণ’ শীর্ষক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কতৃ©ক বাস্তবায়িত ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি প্রকল্প এই সেমিনারের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা অটিস্টিক শিশুদের মূলধারায় নিয়ে আসতে চাই। অটিস্টিক শিশুরা সমাজের জন্য বোঝা নয়। অনেক ড়্গেত্রেই তাদের বিশেষ প্রতিভা থাকে। আমরা পর্যায়ক্রমে সব শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা করব। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে অটিজম বিষয়ে প্রায় ৩০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে।

সেমিনারে শিক্ষামন্ত্রী আরও বলেন, একবার এক অটিজম শিশুকে ফেল করানো হয়েছিল। পরে খাতাটি আবার দেখা হলো। দেখা গেল, সে সব লিখেছে। কিন্তু লেখাগুলো একটু অন্য রকম হওয়ার কারণে প্রথমে বোঝা যায়নি। তাই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খাতা বিশেষ গুরুত্ব দিয়েই দেখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও রাজশাহীর আনন্দ স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাহীন আক্তার রেনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত