নির্যাতন নিয়ে সরবরাই জাতীয় পার্টিকে নির্যাতন করেছিল : জিএম কাদের

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ এএম

বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘যারা রাজনীতিতে এখন নির্যাতন নিয়ে বেশি কথা বলছে, তারাই জাতীয় পার্টির ওপর বেশি নির্যাতন করেছিল।’

রবিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, প্রতিষ্ঠার পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু ১৯৯০ সালের পর জাতীয় পার্টির মিছিলে হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং কর্মসূচিতে ১৪৪ ধারা জারি করে দলের ওপর অমানবিক আচরণ করা হয়েছিল। তবে নির্যাতনের কারণে জাতীয় পার্টি দুর্বল হয়নি দাবি করে তিনি বলেন, ষড়যন্ত্রের কারণে ভাঙনের শিকার হয়ে জাতীয় পার্টি দুর্বল হয়েছে। জিএম কাদের আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, দেশের মানুষ মনে করে জাতীয় পার্টি দেশে সুশাসন দিতে পারবে। তাই দেশবাসী জাতীয় পার্টিকে আরও শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়।

জি এম কাদেরের সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্যদের পাশাপাশি কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

২৮ ডিসেম্বরই সম্মেলন : আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় এই তারিখ চ‚ড়ান্ত করা হয়। এর আগে প্রথমে ৩০ নভেম্বর এবং পরে পরিবর্তন করে ২১ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছিল। দ্বিতীয় দফা পরিবর্তন করে গত সেপ্টেম্বরেই ২৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করে দলটি। গতকালের বৈঠকে তা চ‚ড়ান্ত হলো।

বৈঠকে চট্টগ্রাম-৮ আসনের আসন্ন উপ-নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মতভাবে এই নির্বাচনে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে জাপার প্রাথী হিসেবে মনোনীত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত