এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনানদীর বালু মহালের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার রাতে সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আনন্দবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে আনন্দবাজার এলাকায় মেঘনা নদী থেকে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও একই এলাকার আমির হোসেনের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছিল।
গত রবিবার রাতে বালুমহলের টাকা ভাগাভাগি নিয়ে নবী হোসেন ও আমির হোসেনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় উভয় পক্ষ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে টেকপাড়া আমিরাবাদ এলাকার মৃত আরজ আলীর ছেলে জাকির হোসেন (৩২), টেকপাড়া আমিরাবাদ এলাকার নুর মিয়ার ছেলে আল-আমিন (৩৩), ইয়ানুসের ছেলে আবু হানিফ (৩১) ও আয়োব আলী মেম্বারের ছেলে সিরাজ (৩৭)সহ ৬ জন মারাত্মক আহত হয়। আহতের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে জাকির হোসেন মারা যান।
নিহত জাকির হোসেনের বড় ভাই মনির হোসেন জানান, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও আইয়ুব আলী মেম্বারের ছেলে সিরাজের নেতৃত্বে তার ভাই জাকির হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার ওসি অপারেশন আলমগীর হোসেন জানান, রবিবার রাত ১১টার দিকে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয় এতে জাকির নামে একজন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে এ খুন হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, জাকির হোসেন নামে একজন খুন হওয়ার পর পুলিশের একটি টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
